অতিবর্ষণে ফের প্লাবিত শ্রীভূমি শহর, বিপদসীমার উপরে সিংলা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ মে : টানা অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ফের জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। জেলার প্রধান নদ-নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। বিশেষ করে সিংলা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার বিকেল চারটার পরিসংখ্যান অনুযায়ী, আনিপুর সেতুর কাছে সিংলা নদীর জলস্তর দাঁড়িয়েছে ১৯.৬৬৬ মিটারে, যেখানে নির্ধারিত বিপদসীমা ১৭.৯৮৫ মিটার। ফলে নদীপাড়ের শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

শহরের পাশাপাশি রাতাবাড়ি, রামকৃষ্ণ নগর, আনিপুর, দোহালিয়া ও বাজারঘাট এলাকার অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। শহরের একাধিক প্রধান সড়ক জলের তলায় চলে যাওয়ায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

বাজারঘাট এলাকায় আছিমগঞ্জ–আনিপুর প্রধান সড়কের উপর দিয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জল প্রবাহিত হওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্লাবনের কবল থেকে রেহাই পায়নি ঐতিহ্যবাহী বাজারঘাট মদনীনগর হাইস্কুলও। মাত্র আধ ঘণ্টার জলোচ্ছ্বাসে স্কুলের শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ প্রায় চার ফুট জলের নিচে তলিয়ে যায়।

আকস্মিক এই বন্যায় পড়ুয়াদের বই-খাতা, স্কুলব্যাগ ও পোশাকের পাশাপাশি মিড-ডে মিলের চাল-ডাল এবং স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়ে গেছে।

অন্যদিকে, বাজারঘাট এলাকার বহু দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যদিও দুপুরের পর কিছু এলাকায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে, তবে প্লাবন রেখে গেছে ধ্বংসের গভীর ক্ষত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *