শেষ মুহূর্তে পানামার স্বপ্ন ভেঙে দিল ঘানা

Spread the news

১৮ জুন : একেবারে শেষ মুহূর্তে ক্যালেব ইয়েরেনকির গোল পানামার স্বপ্ন ভেঙে দিয়ে ঘানাকে এনে দিল নাটকীয় জয়। এই গোলেই বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার সকালে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা।

ম্যাচের ইনজুরি টাইমের ৬ মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। বাম দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল বাড়ান ব্র্যান্ডন থমাস-আসান্তে। তার পাস থেকে সহজ ফিনিশে জয়সূচক গোল করেন ইয়েরেনকি। তবে ম্যাচজুড়েই ঘানার সঙ্গে সমানতালে লড়াই করেছে মধ্য আমেরিকার দলটি। ২০১৮ সালে বিশ্বকাপে অভিষেকের পর এটি ছিল তাদের মাত্র চতুর্থ ম্যাচ, আর প্রথম পয়েন্ট পাওয়ার আশা শেষ মুহূর্তেই ভেঙে যায়।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পানামা। সেসিলিও ওয়াটারম্যানের জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি। বিরতির পরও সুযোগ তৈরি করেছিল পানামা। ক্রিস্টিয়ান মার্টিনেজের কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া শট সাইড-নেটে আঘাত করলে হতাশ হতে হয় তাদের।

অন্যদিকে কার্লোস কুইরোজের শিষ্যরা পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও শেষ মুহূর্তের আঘাতে তিন পয়েন্ট নিশ্চিত করে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই সবচেয়ে দেরিতে আসা জয়সূচক গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *