২২ নভেম্বর থেকে দেশজুড়ে ১৫ দিনের হিত চিন্তক অভিযান, লক্ষ্যমাত্রা এক কোটি মানুষ
শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রয়াত অশোক সিংঘলের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ১ নভেম্বর শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বছর ব্যাপী কর্মসূচির সূচনা হবে। পাশাপাশি ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ১৫ দিনব্যাপী হিতচিন্তক অভিযান পরিচালনা করা হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার আশ্রম রোডের গোবিন্দ বাড়ি স্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের অধ্যক্ষ শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণ চন্দ্র মণ্ডল, প্রান্ত মন্ত্রী গোপীব্রত গোস্বামী, উপাধ্যক্ষ অসীমা ভট্টাচার্য, প্রান্ত ধর্মপ্রসার প্রমুখ পরেশ প্রজাপতি, মধ্য কাছাড় জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস এবং প্রান্ত টোলির সদস্য ডাঃ সুব্রত নন্দী।
শান্তনু নায়েক জানান, ১ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জন্মশতবর্ষের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। পরবর্তীকালে জেলা ও প্রখণ্ড স্তরেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। অযোধ্যার রামমন্দির আন্দোলন, বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক বিস্তার এবং বজরং দল ও দুর্গা বাহিনীর বিকাশে অশোক সিংঘলের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি তুলে ধরেন।

আসন্ন হিতচিন্তক অভিযান সম্পর্কে তিনি জানান, ২০২২ সালের অভিযানে দেশ জুড়ে প্রায় ৭২ লক্ষ মানুষ যুক্ত হয়েছিলেন। এবার এক কোটি মানুষকে হিতচিন্তক হিসেবে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব প্রান্তের গ্রাম ও শহরেও এই অভিযান চালানো হবে।
অশোক সিংঘলের জীবন ও কর্মের বিবরণ দিতে গিয়ে পূর্ণচন্দ্র মণ্ডল জানান, ১৯২৬ সালের ২৭ সেপ্টেম্বর উত্তর প্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন তিনি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে কর্ম জীবন শুরু করেন। তাঁর পরিবারের সকলের নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি ছিল। পরবর্তীকালে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রাম জন্মভূমি আন্দোলন-সহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অবদান রাখেন।

১ নভেম্বরের অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ-সংগঠনমন্ত্রী গোপাল জী, ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী ড. দীনেশ তেওয়ারি, রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত স্বামী সাধনানন্দজি মহারাজ-সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটি দুপুর দেড়টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত অশোক সিংঘলের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়েছে।



