বন্যার পর শিবসাগরে বিনামূল্যে যানবাহন মেরামতি শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বিধ্বংসী বন্যার পর জল কমতে শুরু করলেও শিবসাগর জেলার বানভাসি মানুষের দুর্ভোগ কাটেনি। বরং নতুন করে দেখা দিয়েছে নানা সমস্যা। কাদা ও পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় জেলার হাজার হাজার মোটরসাইকেল ও স্কুটি বিকল হয়ে পড়েছে। আর্থিক সংকটে থাকা বন্যাদুর্গত মানুষের এই সমস্যা কিছুটা লাঘব করতে শিবসাগরে নেওয়া হয়েছে অভিনব সেবামূলক উদ্যোগ।

বন্যার প্রবল স্রোত এবং কয়েকদিন জলের নিচে থাকার কারণে বহু দুচাকার যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে অসম জাতীয়তাবাদী যুব-ছাত্র পরিষদ। সংগঠনের উদ্যোগে হাজোর ‘তালুকদার অটো ওয়ার্কস’ এবং ‘সেন্ট্রাল ব্যাংক কর্মচারী সংঘ’-এর সহযোগিতায় শিমলুগুড়িতে আগামী ১৯ ও ২০ আগস্ট দুই দিনব্যাপী বিনামূল্যে যানবাহন মেরামতি শিবিরের আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, শিবিরে বন্যায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও স্কুটি বিনামূল্যে মেরামত করা হবে। পাশাপাশি পানিতে নষ্ট হয়ে যাওয়া প্রয়োজনীয় যন্ত্রাংশ ও লুব্রিকেন্টও বিনামূল্যে দেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিন অয়েলও থাকবে।

এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শিমলুগুড়ি ও সংলগ্ন বন্যাকবলিত এলাকার দু’চাকার যানবাহনের মালিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বন্যার কারণে আর্থিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য এই বিনামূল্যের পরিষেবা যথেষ্ট সহায়ক হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *