দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মে : আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জ্বালানি ও পেট্রোলিয়ামজাত সামগ্রীর সংযত ব্যবহারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বানের পর সৎসঙ্গ বিহার কর্তৃপক্ষও জারি করেছে বিশেষ নির্দেশিকা। আচাৰ্য দেবের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সৎসঙ্গের প্রতিটি মন্দির ও শাখাকে পেট্রোলিয়াম ও সংশ্লিষ্ট সম্পদের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।
এই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবেই রবিবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ বিহার শাখা গ্রহণ করে এক ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণত ভক্তদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা থাকলেও, এদিন জ্বালানি সংরক্ষণ ও ব্যয় হ্রাসের লক্ষ্যে রান্না করা খাবারের পরিবর্তে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে ফলমূল বিতরণ করা হয়।

শিলচর সৎসঙ্গ বিহারের এই উদ্যোগ ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শাখার সদস্যরা জানান, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই সচেতনতা ও সংযমের মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তাদের বক্তব্য, “প্রতিটি মানুষ যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে ভবিষ্যতে উদ্ভূত যেকোনো সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।” শাখা সূত্রে জানা গেছে, এই উদ্যোগের ফলে কাঁয়াই গ্যাস ও রান্নার জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সংগঠনের ব্যয়ও হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতেও জ্বালানি সাশ্রয়, ব্যয় সংকোচন এবং পরিবেশবান্ধব কার্যসূচির ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সম্পদ-সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে শিলচর সৎসঙ্গ বিহার শাখার।



