শ্রীভূমি জেলায় ব্যতিক্রম গ্রুপের ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে দক্ষিণ অসমভিত্তিক ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও ধরনের শুল্ক বা প্রবেশমূল্য দিতে হবে না।

প্রথম পর্বে আগামী ২৩ আগস্ট দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় সকাল ১০টায় নিলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর পরিচালনার দায়িত্বে রয়েছে নিলামবাজারের রুদ্রাক্ষ ক্লাব। একই দিনে পাথারকান্দি বিধানসভায় হাসপাতাল রোডের চতুরঙ্গ ক্লাব গৃহে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে চতুরঙ্গ ক্লাব।

এরপর আগামী ৩০ আগস্ট রামকৃষ্ণনগর বিধানসভায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠের শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি মঞ্চে এই আয়োজন করা হবে। সবশেষে আগামী ১ সেপ্টেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এই পর্বের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে খুশি স্মৃতি সংস্থা, শ্রীভূমি।

এই উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূপেন হাজরিকার সংগীত ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সোমবার সাংবাদিক সম্মেলনে করে সূচি তুলে ধরেন শ্রীভূমি জেলা কো-অর্ডিনেটর অরূপ রায় এবং বিধানসভাভিত্তিক কো-অর্ডিনেটর শ্যামল ভট্টাচার্য, সুরজিত সেন, সৌভিক রায় ও সন্ধ্যা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *