বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ক্রীড়া ভারতীর কাছাড় জেলা ও শিলচর শহর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার শিলচরের সার্কিট হাউস রোডের একটি ভবনে আয়োজিত সভায় নবগঠিত দুই কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। কাছাড় জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখর পাল চৌধুরী এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন অজিত দাস। সহ-সভাপতি পদে রয়েছেন নিরঞ্জন ধর, উত্তম চৌধুরী ও জয়জিত বিশ্বাস। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পিঙ্কি মহন্ত এবং সহ-সচিব হয়েছেন সন্ধ্যারানি সিনহা।
অন্যদিকে, ক্রীড়া ভারতীর শিলচর মহানগরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশিস সোম। সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্যজ্যোতি ভট্টাচার্য। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জয়প্রকাশ চক্রবর্তী, সহ-সচিব সুদর্শন চৌধুরী এবং কোষাধ্যক্ষ রাজীব দত্ত।
সভায় আগামী দিনে কাছাড় ও শিলচর মহানগরীতে খেলাধুলার প্রসারে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নবনির্বাচিত কর্মকর্তারা। জেলার বিভিন্ন প্রান্তে ক্রীড়া কেন্দ্র গড়ে তোলা, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি করে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান কমিটির সদস্যরা। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় স্তরে ক্রীড়াবিদদের উৎসাহিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।



