২১ বছরে পদার্পণ শরৎপল্লী সারদা সংঘের কালীপূজা, মণ্ডপের উদ্বোধন মেয়র অমরেন্দ্র পালের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : শিলচর সোনাই রোডের শরৎপল্লী সারদা সংঘের সার্বজনীন কালীপূজা এবছর ২১তম বর্ষে পদার্পণ করল। রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে মণ্ডপের দ্বার উন্মোচন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজার শুভ সূচনা করেন শিলচর পৌর নিগমের মেয়র অমরেন্দ্র পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী তথা শিলচর পৌরসভার প্রাক্তন সহ-সভাপতি চামেলী পাল-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র অমরেন্দ্র পাল বলেন, দীর্ঘ ২০ বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শরৎপল্লী সারদা সংঘের কালীপূজা আয়োজিত হয়ে আসছে। এবছর এই পূজা ২১তম বছরে পা দিয়েছে। প্রতি বছরই এই পূজাকে ঘিরে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। শুধু শরৎপল্লী কিংবা ডায়মন্ড এলাকার বাসিন্দারাই নন, সমগ্র শিলচর শহরের মানুষ অধীর আগ্রহে এই পূজার জন্য অপেক্ষা করেন। তিন দিনব্যাপী পূজায় প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। মণ্ডপের অভিনব সাজসজ্জা, প্রতিমার সৌন্দর্য এবং আকর্ষণীয় আলোকসজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে।

তিনি আরও জানান, ধর্মীয় আয়োজনের পাশাপাশি সারদা সংঘ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিও গ্রহণ করে থাকে। এবছরের পূজা দর্শনের জন্য শিলচরের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, গত বছরের তুলনায় এবারের আয়োজন দর্শনার্থীদের আরও বেশি আনন্দ দেবে।

অন্যদিকে, চামেলী পাল তাঁর বক্তব্যে বলেন, শরৎপল্লী সারদা সংঘ কেবল কালীপূজার আয়োজনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। বয়স্ক নাগরিক ও মহিলাদের সম্মাননা প্রদান-সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-সহ নানা কর্মসূচির মাধ্যমে এলাকাকে সুন্দর ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শিলচর শহরের যানজট-সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, যুবসমাজ, মহিলাসমাজ এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে একটি সুন্দর ও উন্নত শিলচর গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মা কালীর কাছে এলাকার উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিগুলি সফলভাবে সম্পন্ন করার জন্য মানসিক ও শারীরিক শক্তি প্রার্থনা করেন চামেলী পাল। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মীদের সহযোগিতায় সকলকে সঙ্গে নিয়ে শিলচরের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি তনয় কংশ বণিক, সংগ্রাহক নেহাল দেবনাথ, সম্পাদক আয়ন দাশগুপ্ত-সহ সৌমেন রায়, সুমির দে, সানি দাস, সৌরভ চৌধুরী, দিবাকর রায়, সুমিত দে, ধীরাজ রায়, দেবজিৎ রায়, রনি পাল, দীপক চক্রবর্তী, সোমনাথ ধর, সুরজ চৌধুরী, সুরজ পাল চৌধুরী, তপন দেবনাথ, তপন সূত্রধর, রাজন ঘোষ, সিদ্ধার্থ কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *