
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ইয়ংস্টার ক্লাব বাঁশখাল। রবিবার অনুষ্ঠিত ম্যাচে থুর সাপরাং ধোয়ারবন্দকে ২-১ গোলে পরাজিত করে বাঁশখাল দল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। বাঁশখালের হয়ে খেলার ১৮ মিনিটে প্রথম গোলটি করেন জুয়েংগা। এরপর ৩২ মিনিটে নুনতে দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ধোয়ারবন্দ। খেলার ৪৩ মিনিটে আকাশের গোলে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে তারা। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ধোয়ারবন্দ। ফলে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইয়ংস্টার ক্লাব বাঁশখাল।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁশখাল দলের জুয়েংগা। তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি তথা অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাকর্মী কুটি রাজা বড়ভূইয়া। ম্যাচটি পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধুরী ও নিজাম উদ্দিন। এদিকে, আগামীকাল মুখোমুখি হবে লক্ষীপুরের রবিন কাইদেম অ্যাকাডেমি ও রূপাইবালির আনোয়ারপার রয়্যাল টাইগার ক্লাব।





