দিদির প্রেমের সম্পর্কে আপত্তি, ভয়ঙ্কর কাণ্ড ঘটালো দুই ভাই

Spread the news

৮ নভেম্বর : প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু তা মেনে নিতে পারেনি ওই তরুণীর দুই নাবালক ভাই। অভিযোগ, এই কারণে শ্বাসরোধ করে দিদিকে খুন করে তারা। এর পরেই দিদির দেহ ঝুলিয়ে রেখে তা আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়। উত্তরপ্রদেশের ভাদোহি এলাকার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ভাইকে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খুশি বিন্দ (২১)। তাঁর বাড়ি ভাদোহির গোপীগঞ্জ থানা এলাকার জাখাওন (Jakhaon) গ্রামে। গত ৪ নভেম্বর বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

ভাদোহির অতিরিক্ত পুলিশ সুপার শুভম আগরওয়াল জানিয়েছেন, এই ঘটনাকে আত্মহত্যা বলে সাজাতে চেয়েছিল খুশির দুই ভাই। তবে ময়নাতদন্তে জানা যায়, খুশিকে ঝুলিয়ে দেওয়ার আগে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এই নিয়ে তদন্ত চালিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর দুই ভাইকেও। জেরায় ১৮ বছরের সুরজ বিদ এবং ১৫ বছরের আর এক ভাই তাদের দিদিকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খুশির। প্রায়ই ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলতেন তিনি। তবে খুশির এই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। গত ৪ নভেম্বর সেই যুবকের সঙ্গেই দিদিকে ফোনে কথা বলতে দেখে দুই ভাই। তাতে বাধা দিতে আসে তারা। তখনই তাদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। এর পর রাগের মাথায় দিদিকে শ্বাসরোধ করে খুন করে তারা। সেই দেহ ঝুলিয়ে দিয়ে খুশি আত্মহত্যা করেছেন বলে সবাইকে জানিয়েছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *