শিক্ষকদের আন্দোলনের প্রতি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি’র সমর্থন

Spread the news

স্থায়ী শিক্ষকদের ট্রেজারির অধীনে বেতন প্রদানের নীতি বহাল রাখা ও কেন্দ্রীয় প্রকল্পে নতুন ১৫০০০ অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সম্প্রতি সমগ্র রাজ্যের সাথে বরাকের তিন জেলায়ও শিক্ষকরা শিক্ষা বিভাগের বিরুদ্ধে শিক্ষক-বিরোধী ভূমিকার অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন।

দু’বছর আগে রাজ্যে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয় এই শর্তে যে তাদের অবসরের সাথে সাথে পোস্টগুলোও বিলুপ্ত হয়ে যাবে। স্থায়ী শিক্ষকের মতই তাঁদের জন্য সার্ভিস বুক তৈরি হয়, সিপিএফের বদলে নিউ পেনশন স্কিম চালু করা হয় এবং তাঁদেরকে ট্রেজারির অধীনে আনা হয়। যেহেতু এই স্থায়ীকরণ অন্তর্ভুক্তির দিন থেকেই কার্যকরী করা হয়, ফলে তাঁদের মোট বেতনের পরিমাণ কমে যায়। কিন্তু স্থায়ী চাকরির আশায় তাঁরা সেই ক্ষতি মেনে নেন।

বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে, তাঁদেরকে ট্রেজারি ও রাজ্য অর্থবিভাগের আওতা থেকে বের করে দিয়ে কেন্দ্রীয় অস্থায়ী শিক্ষক প্রকল্পের অধীনে তাঁদের বেতন দেবে।

স্বাভাবিকভাবেই দুই বছর আগে স্থায়ী হওয়া রাজ্য সরকারি শিক্ষকদের এভাবে বঞ্চিত করার বিরুদ্ধে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের শিক্ষক হিসাবে চাকরি শুরু হয়েছিল ২০১৭ সালে। তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন এবং তাঁদের সম্মতিপত্র নিয়ে পরবর্তীতে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। বেতনের পরিমাণে ক্ষতি স্বীকার করেও তাঁরা প্রায় সবাই সম্মতিপত্রে স্বাক্ষর করেন।

এখন অস্থায়ী শিক্ষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের ফাণ্ডের অধীনে তাঁদের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। কেন এই ঘোষণা? কারণ রাজ্য সরকার ২৫০০০ অস্থায়ী শিক্ষকের বেতনের জন্য তহবিল পান অস্থায়ী শিক্ষক নিয়োগ প্রকল্পের কেন্দ্রীয় অনুদান হিসাবে। কিন্তু জানা যায় যে, বাস্তবে বর্তমানে মোট অস্থায়ী শিক্ষক রয়েছে ১০০০০। অর্থাৎ আরও মোট ১৫০০০ অস্থায়ী শিক্ষক এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে নিয়োগ করা যায়।

অথচ সরকারের শিক্ষা বিভাগ নতুন ১৫০০০ অস্থায়ী শিক্ষক নিয়োগ না করে, স্থায়ীকরণ করা ১৫০০০ শিক্ষককে অস্থায়ী শিক্ষকদের জন্য প্রদত্ত কেন্দ্রীয় ফাণ্ডের অধীনে নিতে চাইছে। এটা একদিকে স্থায়ীকরণ করা শিক্ষকদের প্রতি প্রতারণা ও বঞ্চনা এবং অন্যদিকে নতুন ১৫০০০ অস্থায়ী শিক্ষকদের নিয়োগ না করে শিক্ষিত বেকারদের প্রতিও বঞ্চনা।

তাই অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি শিক্ষকদের আন্দোলনকে সর্বতোভাবে সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে সংগঠনদ্বয় স্থায়ীকরণ করা শিক্ষকদের রাজ্য সরকারের অধীনে ট্রেজারি মারফৎ বেতন প্রদানের নিয়ম বহাল রাখা এবং কেন্দ্রীয় প্রকল্পে নতুন ১৫০০০ অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *