
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : তৃণমূল স্তর থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে অসমজুড়ে শুরু হল ‘খেল মহারণ ৩.০’। শনিবার কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র ও শহরাঞ্চলে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথম দিন থেকেই তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার কেন্দ্রগুলিতে উৎসবের আবহ তৈরি হয়।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের উচ্চতর স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াই খেল মহারণের মূল উদ্দেশ্য।

লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি ঘাট গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠে গ্রাম পঞ্চায়েত স্তরের প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে সামনে আনার ক্ষেত্রে খেল মহারণ এক গুরুত্বপূর্ণ মঞ্চ। লক্ষীপুর বিধানসভা কেন্দ্র থেকেই ইতিমধ্যে ২৪ হাজার খেলোয়াড়ের নাম নথিভুক্ত হয়েছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের মাঠে পুরসভা ও নগর স্থানীয় সংস্থা স্তরের প্রতিযোগিতার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচর পুরনিগমের মেয়র অমরেন্দ্র পাল, ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিং, কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ বে, জেলা ক্রীড়া আধিকারিকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ক্রীড়া ব্যক্তিত্বরা। উধারবন্দের ডিএনএইচএস স্কুলের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক রাজদীপ গোয়ালা।
ধলাইয়ের বিষ্ণুপুর ফরেস্ট ভিলেজের মাঠে উদ্বোধন করেন বিধায়ক অমিয়কান্তি দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মলকান্তি দাস, খণ্ড উন্নয়ন আধিকারিক নিখিল অধিকারীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে প্রতিযোগিতার সূচনা করেন সোনাই পুরসভা বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। বড়খলায় গোবিন্দচন্দ্র লাংথাসা স্কুলের মাঠে উদ্বোধন করেন বিধায়ক কিশোর নাথ। পাশাপাশি কাটিগড়ার কুরকুড়ি চা বাগানের মাঠে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

জেলার সর্বত্র একযোগে এই প্রতিযোগিতার সূচনা খেল মহারণের ব্যাপক বিস্তৃতি এবং সাধারণ মানুষের মধ্যে খেলাধুলার প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। গ্রাম ও শহরাঞ্চল মিলিয়ে দুই লক্ষাধিক খেলোয়াড়ের অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে আয়োজিত এই উদ্যোগ নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।



