‘আমরা ভারতবাসী’ শীর্ষক স্বাধীনতা দিবসের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধিত পাঁচ বিশিষ্ট নাগরিক

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট :
মধ্য শহর সাংস্কৃতিক সমিতির হলে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা ভারতবাসী’। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীত ও সমবেত নৃত্যের মাধ্যমে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও দেশাত্মবোধের আবেগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে লেখক ও গবেষক আবিদ রাজা মজুমদার, সঙ্গীতশিল্পী কেএইচ. মলিনা সিংহ, সত্যব্রত ভট্টাচার্য এবং তফজ্জুল হোসেন খানকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অনুপস্থিত সঙ্গীতশিল্পী লীনা লস্করের পক্ষ থেকে তাঁর ভাই ও বিশিষ্ট লোকসঙ্গীতশিল্পী বিধান লস্করের হাতে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরা হয়। এদিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মঞ্চের সহ-সভাপতি মনোজ দেব।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্গীতশিল্পী তথা মঞ্চের সহ-সম্পাদিকা অপূ সূত্রধর এবং কার্যকরী সদস্য নবনীতা দে। অনুষ্ঠানে মঞ্চের অন্যান্য সদস্যসহ সংস্কৃতিপ্রেমী বহু মানুষ উপস্থিত ছিলেন। সঙ্গীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনে অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *