রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ফুটপাত দখলমুক্ত করার নামে গরিব ব্যবসায়ীদের জীবিকায় আঘাত করা হচ্ছে বলে শিলচর পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ তুলল নবগঠিত সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। হাসপাতাল রোডে ফুটপাত উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে সংগঠনের সদস্যদের বাধার মুখে পড়ে পুর নিগমের অভিযান। শেষ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির জেরে অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা গেছে, এদিন হাসপাতাল রোডে উচ্ছেদ অভিযান চালাতে পৌঁছয় পুরনিগমের দল। কিন্তু অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইনগত বিষয় সামনে আনেন সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের সদস্যরা। আইনজীবী সৌমেন চৌধুরী উচ্ছেদ সংক্রান্ত সরকারি নির্দেশের প্রতিলিপি প্রকাশ্যে এনে বিতর্কে বসার আহ্বান জানান। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের ভাবনা ও গরিব মানুষের স্বার্থের পরিপন্থী ভূমিকা নিচ্ছে শিলচর পুর নিগম।

এদিকে, অভিযানের সময় গাড়ি থেকে নামেননি ম্যাজিস্ট্রেট বলেও জানা গেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।




