বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উপলক্ষে শিলচর লায়ন্স ক্লাব ভ্যালি অব বরাক ভ্যালির উদ্যোগে শনিবার সকালে তারাপুরে এক বিনামূল্যের সুগার পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়।
শুধু সুগার পরীক্ষাই নয়, শিবিরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভবিষ্যতে কী কী করণীয় এবং কোন বিষয়গুলি এড়িয়ে চলা প্রয়োজন, সে সম্পর্কেও চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রাখা হয়।

ডায়াবেটিস রোগের আগাম শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকদের মতে, নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা এবং প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদী।



