বন্যাদুর্গতদের সহায়তায় শিবসাগরে এআইডিএসও স্বেচ্ছাসেবকদের টানা পাঁচ দিনের কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট: উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এআইডিএসওর অসম রাজ্য কাউন্সিলের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দল শিবসাগর জেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনমূলক কাজে অংশ নিচ্ছে। গত ১৬ আগস্ট থেকে টানা পাঁচ দিন ধরে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিহুবর গাঁও পঞ্চায়েতের প্রজাবস্তি, সন্টাক-সহ বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গত মানুষের সহায়তা করছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও ওই এলাকাগুলিতে বন্যার ভয়াবহ পরিস্থিতির রেশ কাটেনি। গত ১৯ জুলাইয়ের প্রবল বন্যায় শিবসাগর ও চরাইদেও জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে গত ২৯ জুলাই এআইডিএসওর উদ্যোগে নাজিরা এলাকার দুয়ারা ও হলোং গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছিল।

পরবর্তীতে শিবসাগর ও যোরহাট জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরেও এআইডিএসওর স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, বন্যার জল অনেকটা নেমে গেলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও অব্যাহত রয়েছে। বহু বাড়িঘরে পুরু পলিমাটি ও কাদার স্তর জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংগঠনের অভিযোগ, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পুনর্বাসন ও ঘরবাড়ি পরিষ্কারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনও পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে এআইডিএসওর ছাত্র স্বেচ্ছাসেবকরা ১৬ আগস্ট থেকে সন্টাক ও প্রজাবস্তি এলাকায় বন্যাদুর্গত মানুষের বাড়িঘর পরিষ্কারসহ বিভিন্ন সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে পলিমাটি ও কাদার স্তর দ্রুত সরানোর পাশাপাশি দুর্গত মানুষদের নিজ নিজ এলাকায় পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। এআইডিএসও-সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত তৎপরতা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তাই দ্রুত সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের পুনর্বাসন নিশ্চিত করতে অসম সরকারের কাছে দাবি জানিয়েছে এআইডিএসওর অসম রাজ্য কাউন্সিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *