মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বিকাশ ধর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার নেপথ্যে থাকা সম্ভাব্য চক্রান্তের রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার পাথারকান্দিতে বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। পাশাপাশি করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে পাথারকান্দি থানায় লিখিত এজাহারও দায়ের করা হয়। বিজেপির পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় চার শতাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি। বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাথারকান্দির রাজপথ।
বাজারিছড়া জিপির ছাগলমুয়া গ্রামের বাসিন্দা, স্থানীয় বিজেপি বুথ সভাপতি ও আরএসএস কর্মী বিকাশ ধর গত ১২ আগস্ট ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। প্রায় ৪৮ ঘণ্টা পর বাজারিছড়া থানার যোগীছড়ার একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আব্দুল হক-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
মিছিল শেষে আন্দোলনকারীরা পাথারকান্দি সার্কল কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকপত্র জমা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে SIT গঠন করে তদন্ত, পলাতক অভিযুক্ত ও সহযোগীদের গ্রেপ্তার, ফাস্ট-ট্র্যাক আদালতে দ্রুত বিচার, বাজারিছড়া-ছাগলমুয়া ও সীমান্তবর্তী এলাকায় স্থায়ী পুলিশ পিকেট এবং ২৪ ঘণ্টা টহল। পাশাপাশি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা, পরিবারের একজনকে সরকারি চাকরি এবং নিরাপত্তার দাবিও জানানো হয়েছে।

পরে আন্দোলনকারীরা পাথারকান্দি থানায় গিয়ে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অভিযোগ, গত ১৬ আগস্ট তাঁর ফেসবুক লাইভে বিকাশ ধর হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়, যা আন্দোলনকারীদের মতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর হতে পারে। সংশ্লিষ্ট বক্তব্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আন্দোলনকারীরা স্পষ্ট করেন, তাঁদের উদ্দেশ্য কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। একইসঙ্গে গুজব ও সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্ত এবং পাঁচ দফা দাবিতে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে পাথারকান্দির রাজনৈতিক ও সামাজিক মহল।



