মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শ্রীভূমির রাতাবাড়িতে মাদক পাচারকারীকে লক্ষ্য করে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, অভিযুক্তের কামড়ে এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশকর্মী আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া জানান, গত রাতে শ্রীভূমির রাতাবাড়ি পুলিশ নিভিয়ার চেরাগি ঈদগাহের কাছে বাপ্পী নমশূদ্র নামে এক যুবকের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বাপ্পী জানায়, তার কাছে আরও মাদকদ্রব্য রয়েছে। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় সে এক পুলিশকর্মীকে কামড়ে দেয় এবং পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে বাপ্পীর পায়ে গুলি লাগে এবং সে আহত হয়। তাকে চিকিৎসার জন্য শ্রীভূমি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, বাপ্পীর কামড়ে এক উপ-পরিদর্শক এবং দুই কনস্টেবল আহত হয়েছেন। আহত তিন পুলিশকর্মীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




