রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : বরাক উপত্যকার বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় অবশেষে আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ দত্ত। তাঁর বাড়ি শিলচর থানার অন্তর্গত শ্রীকোণা প্রথম খণ্ড এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তারাপুর পুলিশ তাঁকে আটক করে।
বুধবার তারাপুর টাউন আউটপোস্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল এই তথ্য জানান। তিনি বলেন, অভিযোগ অনুযায়ী প্রায় দেড় বছর আগে শেয়ার মার্কেটে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে জয়দীপ বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বরাক উপত্যকার তিন জেলাতেই জয়দীপ দত্তের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। গত দেড় বছরে তিনি প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
এদিকে, টাকা সংগ্রহের পর থেকেই অভিযুক্ত দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত এখনও চলছে। ধৃত জয়দীপ দত্তকে এদিন আদালতে পেশ করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে।



