দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : নারী সংরক্ষণ বিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্রতর হচ্ছে শিলচরে। বিলের বিরোধিতার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বিজেপির মহিলা কর্মীরা। বুধবার বিকেলে নিউ শিলচর মন্ডলের উদ্যোগে কয়েকশ মহিলা কর্মী রাঙ্গিরখাড়ীর গোপাল আখাড়া পয়েন্ট থেকে শরৎপল্লী পয়েন্ট পর্যন্ত একটি শক্তিময় পদযাত্রা করেন।
পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলারা “নারী শক্তির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে কংগ্রেস” সহ একাধিক স্লোগানে সরব হন। তাদের অভিযোগ, নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করে কংগ্রেস মহিলাদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং তাদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি সুস্মিতা পুরকায়স্থ, চামেলী পাল, মাম্পী ভট্টাচার্যসহ দলের একাধিক নেত্রী ও কর্মী। আয়োজকদের দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই পদযাত্রা সম্পন্ন হয়েছে। এদিনের এই কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।



