টিউশনে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দি শহর সহ থানা রোড় এলাকায়। প্রতিদিনের মতোই টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল এক স্কুল পড়ুয়া। বুধবার বিকেল থেকে তার কোনও খোঁজ না মেলায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই ছাত্রের নাম দেবাঞ্জন শুক্লবৈদ্য (১৫)। সে পাথারকান্দি থানা রোড এলাকার বাসিন্দা দেবু শুক্লবৈদ্যের একমাত্র পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল প্রায় চারটা নাগাদ স্কুল থেকে ফিরে স্বাভাবিক নিয়মে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দেবাঞ্জন। কিন্তু তারপর থেকেই তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। সময় গড়িয়ে সন্ধ্যা নামলেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হয়, পাশাপাশি সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হয়। কিন্তু রাত পর্যন্ত কোথাও তার কোনও হদিস না মেলায় উদ্বেগ চরমে পৌঁছায়।

অবশেষে নিরুপায় হয়ে রাত প্রায় ন’টা নাগাদ পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় একটি নিখোঁজ ডায়েরি (এজাহার) দায়ের করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এলাকার বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, দেবাঞ্জনের কোনও সন্ধান না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারজুড়ে নেমে এসেছে গভীর দুশ্চিন্তার ছায়া। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তাকে খুঁজে পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *