বরাক তরঙ্গ, ১৬ মে : রাজ্যে অব্যাহত রয়েছে উচ্ছেদ অভিযান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এবার কামরূপ জেলা প্রশাসন আমিনগাঁওয়ের নুমলী জলাহ এলাকায় সরকারি জমিতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযোগ, জেলা আয়ুক্ত কার্যালয়ের পিছনের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল একটি পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই ফুকনচন্দ্র বরা ও বিনীতা দাসের বসতবাড়ি উচ্ছেদ করে জেলা প্রশাসন।
জানা গেছে, গো-পালন ও তাঁতশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করত পরিবারটি। প্রায় ৪০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছিল। পাশাপাশি ৩৮৮ নম্বর রসিদের মাধ্যমে নিয়মিত খাজনাও প্রদান করা হয়েছে বলে দাবি পরিবারের।
পরিবারের আরও অভিযোগ, জমিটি সংক্রান্ত একটি মামলা বর্তমানে গৌহাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যদিও কামরূপ জেলা প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ মেনেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে, উচ্ছেদ অভিযানের পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জেলা আয়ুক্ত কার্যালয়ের একাংশ উচ্চপদস্থ আধিকারিক সরকারি জমি দখল করে বিক্রি করেছেন।



