২৮ সেপ্টেম্বর : SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তুলেছে বিরোধী শিবির। একই দাবিতে পথে নামার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টিও। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের খবর। এমনকি তাঁর নামে একটি পদত্যাগপত্রও ভাইরাল হয়। তবে সেই চিঠিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে সতর্ক করেছে জাতীয় নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে লেখা বলে দাবি করা ওই চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, বিচার-বিবেচনা ও আত্মসমীক্ষার পর সম্মান এবং দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের সততা, স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার কথাও উল্লেখ রয়েছে।
চিঠিটির নিচে ছাপা অক্ষরে জ্ঞানেশ কুমারের নাম এবং তার উপরে একটি স্বাক্ষরও দেখা যায়। ফলে সোশ্যাল মিডিয়ায় দ্রুত তা নিয়ে জল্পনা শুরু হয়।

পরিস্থিতি স্পষ্ট করতে শেষ পর্যন্ত বিবৃতি দেয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কমিশনের এক মুখপাত্র ওই চিঠিকে ‘ভুয়ো’ বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চিঠিটি জ্ঞানেশ কুমারের পদত্যাগপত্র নয়। ভুয়ো চিঠি তৈরি করে তা প্রচার করা হয়েছে।
এদিকে, SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের একাংশ নতুন করে নির্বাচন করানোর দাবিও তুলেছে। এই পরিস্থিতির মধ্যেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের ভুয়ো চিঠি ছড়িয়ে পড়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।



