শুধু প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধানও করতে হবে

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর, সোমবার,
শিলচর পুর নিগম নির্বাচন দরজায় কড়া নাড়ছে। প্রায় ছ’বছর পর পুরভোট এবং পুরসভা থেকে পুরনিগমে উন্নীত হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। ৪২টি ওয়ার্ডে এখন প্রচার তুঙ্গে। প্রার্থীদের মুখে নানা প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে। কিন্তু নির্বাচনী প্রচারের ভিড়ে শিলচরের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলিই হওয়া উচিত মূল আলোচনার বিষয়।

শহরের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা। বছরের পর বছর নিকাশি সংস্কার ও খাল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। রাঙিরখাল সংস্কারের ধীরগতি, শিঙ্গিরখাল, লঙ্গাইখাল ও বাছাইখালের সংকোচন, দখল, আবর্জনা ও পলি জমে জলনিকাশির স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই লিঙ্ক রোড, এনএস অ্যাভিনিউ, সোনাই রোড, শিলংপট্টি, বিলপার-সহ শহরের বিভিন্ন এলাকায় জল জমছে।

এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন একটি সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান। খাল-নালার আন্তঃসংযোগ, জলাধার সংরক্ষণ, পাম্পিং ব্যবস্থা, অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সবকিছুকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনতে হবে। শুধু বর্ষার আগে সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, প্রয়োজন স্থায়ী পরিকাঠামোগত সমাধান।

অন্যদিকে, নির্বাচিত পুরবোর্ড না থাকাকালীন নাগরিকদের ওপর একের পর এক কর ও ফি বৃদ্ধির অভিযোগও সামনে এসেছে। জলকর, ট্রেড লাইসেন্স, গান্ধীভবনের ভাড়া-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, প্রায় ১৭০টি ক্ষেত্রে কর ও ফি বাড়ানো হয়েছে। ট্রেড লাইসেন্স নবীকরণের খরচ এবং গান্ধীভবনের ভাড়া বৃদ্ধির ফলে ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের স্বচ্ছ হিসাব ও প্রশাসনের ব্যাখ্যাও নাগরিকদের সামনে আসা প্রয়োজন।

পুর নিগমের প্রথম নির্বাচিত বোর্ডের কাছে তাই প্রত্যাশা অনেক। শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, কোন সমস্যার কত দিনে সমাধান হবে, কত অর্থ বরাদ্দ হবে এবং কাজের অগ্রগতি কীভাবে নাগরিকদের জানানো হবে—তার স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কর ও ফি বৃদ্ধির ক্ষেত্রেও চাই স্বচ্ছতা ও যুক্তিসঙ্গত নীতি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়াই আসল পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *