বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ইলেভেন ব্রাদার্স কালাখাল। শুক্রবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে গড়কান্দি এফসি-কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় কালাখাল।
ম্যাচের ১৬ মিনিটে শিবলুর গোলে এগিয়ে যায় গড়কান্দি এফসি। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। খেলার ২১ মিনিটে লিবিয়াংয়ের কর্নার থেকে নিখুঁত শটে গোল করে কালাখালকে সমতায় ফেরান দলের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে কালাখালের জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ডিলেন্সি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অ্যাকাডেমির সভাপতি মিহিরকান্তি ভট্টাচার্য এবং কুটি রাজা বড়ভূইয়া।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধুরী ও নিজাম উদ্দিন।।টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে শনিবার মুখোমুখি হবে সুইট ব্রাদার্স এফসি ও ডাউনহিল নাগাখাল।




