
দলকে উষ্ণ অভ্যর্থনা জেলা ক্রীড়া সংস্থার, বুধবার ইউনাইটেড ব্রাদার্সের মুখোমুখি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শ্রীভূমির ফুটবল উৎসবে নতুন মাত্রা যোগ করল কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসির আগমন। কে সি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার দুপুরে শ্রীভূমিতে পৌঁছায় লাল-হলুদ শিবির। জনপ্রিয় এই ক্লাবের আগমনকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বরাক উপত্যকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মঙ্গলবার শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দলটিকে শ্রীভূমিতে নিয়ে আসা হয়। দুপুর প্রায় ১টা নাগাদ খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা হোটেল চন্দনে পৌঁছলে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। সংস্থার সচিব আশিস দাস পুরকায়স্থের নেতৃত্বে দীপঙ্কর আদিত্য, মনজিৎ চক্রবর্তী, আব্দুল সালাম, শুভপ্রসাদ দাস পুরকায়স্থ, মৃণালকান্তি দাস, কৃষ্ণ দাস, সোমনাথ দাস ও বেবশ্রী পুদ্দার-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও টিম ম্যানেজারকেও তিলক পরিয়ে এবং উত্তরীয় দিয়ে ঐতিহ্যবাহী রীতিতে বরণ করা হয়।

উল্লেখ্য, প্রয়াত কৃপেশ চন্দ্র পালের স্মৃতিতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ইতিমধ্যেই বিশেষ মর্যাদা অর্জন করেছে। রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পিতার নামে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন পরিচিত দলের অংশগ্রহণ দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে ইউনাইটেড ব্রাদার্স ডিমা হাসাওয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ঐতিহ্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধ লাল-হলুদ বাহিনীর সঙ্গে লড়াকু ইউনাইটেড ব্রাদার্সের দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে।

এদিকে, প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বুধবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মণিপুরের আসুপি ফুটবল একাডেমি। ফলে বুধবার শ্রীভূমির ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জমজমাট ফুটবল সন্ধ্যা। প্রিয় দলের খেলা সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।



