রামপ্রসাদপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল ১৫ বছরের কিশোরের

Spread the news

রাজীব মজুমদার, ধলাই। 
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র ১৫ বছরের এক কিশোর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুর এলাকায়। মৃত কিশোরের নাম জিয়াবুল রহমান লস্কর। তার বাড়ি ধলাই থানাধীন পশ্চিম ইসলামাবাদ গ্রামে। তার বাবার নাম শামসুল হক লস্কর। মঙ্গলবার ময়নাতদন্তের পর বাড়িতে তার নিথর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ শিলচর থেকে কাপড় বোঝাই করে একটি গাড়ি ভাগা বাজারের দিকে যাচ্ছিল। রামপ্রসাদপুর এলাকায় পৌঁছানোর পর চালক আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সড়কের সাইড ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। সেই সময় ঘটনাস্থলে থাকা জিয়াবুল গাড়িটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মঙ্গলবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিকেল প্রায় চারটা নাগাদ জিয়াবুলের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা শামসুল হক লস্করসহ পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে গোটা বাড়ি।

জানা গেছে, মঙ্গলবার এশার নামাজের পর ভাগা বাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে জিয়াবুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মাত্র ১৫ বছরের কিশোরের এমন অকালমৃত্যুতে পশ্চিম ইসলামাবাদসহ আশপাশের এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *