জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : গ্রামাঞ্চলে পানীয় জল সরবরাহ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার দরং জেলার মঙ্গলদৈয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই বৈঠকে অংশগ্রহণ করেন।
মঙ্গলদৈ জেলা গ্রন্থাগারে আয়োজিত বৈঠকে জল জীবন মিশন (JJM) ২.০ এবং স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) ২.০-র অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প দুটির কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে থাকা সমস্যাগুলি চিহ্নিত করা এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে সেগুলির দ্রুত নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকের মূল লক্ষ্য ছিল, দরং জেলার প্রতিটি গ্রামীণ পরিবারের কাছে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত স্যানিটেশন পরিষেবা নিশ্চিত করা। সরকারি প্রকল্পের সুফল যাতে কোনওভাবেই প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও আধিকারিকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রকল্পের শেষ পর্যায়ের পরিষেবা বা ‘লাস্ট মাইল ডেলিভারি’ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী তথা মঙ্গলদৈয়ের বিধায়ক নীলিমা দেবী, সিপাঝাড়ের বিধায়ক ড. পরমানন্দ রাজবংশী, প্রাক্তন মন্ত্রী বসন্ত দাস, অসম মৎস্য উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক গুরজ্যোতি দাস, দরংয়ের জেলা কমিশনার আয়ুষী জৈন, জেলা পরিষদের সভানেত্রী শেওয়ালি গোস্বামী কলিতা, মঙ্গলদৈ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রতাপ বরদলৈ, দরং জেলা বিজেপি সভাপতি মুকুন্দ ডেকা, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কল্পনা ডেকা এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল ও স্যানিটেশন শাখার মুখ্য বাস্তুকার ভাস্কর জ্যোতি শর্মা ও রম্যজ্যোতি শর্মা।

এছাড়াও জেলা পরিষদের সদস্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সচিব, ব্লক উন্নয়ন আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।গ্রামীণ ভারতের জীবনযাত্রার মানোন্নয়নে নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশের গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যকে সামনে রেখে জল জীবন মিশন ২.০ এবং স্বচ্ছ ভারত মিশন ২.০-র কাজ আরও কার্যকর ও জনমুখী করে তোলার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *