
রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শিলচর শহরে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত স্ট্রিট ভেন্ডারদের পুনর্বাসনের দাবিতে এবার শিলচর পুরনিগমের মেয়র অমরেন্দ্র পালের দ্বারস্থ হলেন মিঠুন নাথ। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পুর নিগম কার্যালয়ে গিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। উচ্ছেদ হওয়া হকারদের জীবিকা রক্ষায় দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
শহরের যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তা স্বীকার করেও রাঙ্গিরখাড়ি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সঞ্জয় মার্কেট পর্যন্ত এলাকায় যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিঠুন নাথ। তাঁদের অভিযোগ, কালীপূজার পরপরই প্রশাসনের পূর্বঘোষিত ১৪ তারিখের সময়সীমা শেষ হওয়ার আগেই আচমকা উচ্ছেদ অভিযান চালিয়ে হকারদের দোকানপাট ও অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এতে ঋণ ও ধারদেনা করে ব্যবসা শুরু করা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য, তাঁরা প্রত্যেকেই আর্থিকভাবে দুর্বল এবং দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল। একদিন দোকান বন্ধ থাকলেও তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, সঞ্জয় মার্কেটের নির্মাণকাজ গত চার-পাঁচ বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বাধ্য হয়েই তাঁরা রাস্তার পাশে ও ফুটপাতে ব্যবসা চালিয়ে আসছিলেন। মার্কেটের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হলে সেখানে ব্যবসা করতে তাঁদের কোনও আপত্তি নেই বলেও জানান হকাররা।

এদিন মেয়র অমরেন্দ্র পালের কাছে দু’টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। প্রথমত, অসম্পূর্ণ সঞ্জয় মার্কেটের নির্মাণকাজ দ্রুত শেষ করে উচ্ছেদ হওয়া হকারদের সেখানে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, নিউ শিলচর এলাকায় এএসটিসি-র অভ্যন্তরে থাকা অব্যবহৃত জায়গায় বিকল্প বাজার গড়ে তোলা।
মেয়র অমরেন্দ্র পাল তাঁদের বক্তব্য ও দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান মিঠুন নাথ।



