ডুরাণ্ড কাপ : আজারাই জোড়া গোল, জয়ী নর্থইস্ট ইউনাইটেড

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপের আজকের দ্বিতীয় তথা শেষ ম্যাচে অসমের দুই দলের লড়াইয়ে বড় জয় পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে কার্বি আংলং মর্নিং স্টার এফসি-কে ৪-১ গোলে পরাজিত করল গত দুইবারের চ্যাম্পিয়ন দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নর্থইস্ট। সাত মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আলাইদ্দিন আজারাই। তবে ২৭ মিনিটে সেড্রিক জুনিয়রের গোলে ম্যাচে সমতা ফেরায় মর্নিং স্টার। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হাইল্যান্ডারদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন আলাইদ্দিন আজারাই।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে ম্যাকার্টন লুইস নিকসনের গোলে ব্যবধান আরও বাড়ায় গুয়াহাটির দলটি। শেষ পর্যন্ত সংযোজিত সময়ের ষষ্ঠ মিনিটে নবাগত স্পেনীয় ফরোয়ার্ড এথিয়ান গঞ্জালেজ গোল করে নর্থইস্টের জয় নিশ্চিত করেন। ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ডুরাণ্ড কাপের দুইবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *