যুবশক্তি ক্লাবের উদ্যোগে আশ্রম রোডের বেহাল লেন সংস্কার, স্বস্তি এলাকাবাসীর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট :
শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের আশ্রম রোডে শিবমন্দির সংলগ্ন দীর্ঘদিনের বেহাল একটি লেন ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করল যুবশক্তি ক্লাব। গত তিনদিন ধরে ক্লাবের যুব স্বেচ্ছাসেবীরা পাথর ও ইট দিয়ে লেনটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও সমতল করার কাজ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা লেনটিতে যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিত। বিশেষ করে বর্ষাকালে জল জমে যাওয়ায় বয়স্ক ও শিশুদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। লেনটি সংস্কারের ফলে এখন শতাধিক বাসিন্দা তুলনামূলকভাবে নিরাপদে চলাচল করতে পারবেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন বহু মানুষ এই লেন দিয়ে যানবাহন ও পায়ে চলাচল করেন। বর্ষার সময়ে জল জমে যাওয়ায় চলাচল খুবই কষ্টকর হয়ে উঠত। যুবশক্তি ক্লাবের উদ্যোগে লেনটি মেরামত হওয়ায় আমরা উপকৃত হয়েছি।”

যুবশক্তি ক্লাবের সভাপতি গোবিন্দ দাস জানান, স্থানীয়দের অনুরোধের ভিত্তিতে সীমিত লোকবল ও সামগ্রী নিয়ে স্বেচ্ছায় দ্রুত কাজটি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “এলাকাবাসীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই আমাদের প্রধান লক্ষ্য।”
ক্লাবের সম্পাদক জীৎ দাস বলেন, “এই গলিগুলি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ব্যক্তিগত উদ্যোগে কাজ করে মানুষের চলাচলের উপযোগী করে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও ১৮ নম্বর ওয়ার্ডের অন্যান্য বেহাল গলি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

সংস্কারকাজে সভাপতি গোবিন্দ দাসের সঙ্গে রিতেশ দাস, রাহুল দাস, সুজিত দাস, যীশু দাস, দেবু দাস, সাইমুল দাস, অপূর্ব হালদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। লেনটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা যুবশক্তি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *