মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ভারতমালা পরিযোজনার আওতায় সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে পাথারকান্দি সমজেলার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। মঙ্গলবার প্রকল্পের নির্ধারিত অ্যালাইনমেন্টের মধ্যে থাকা বাড়িঘর, দোকানপাট-সহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
পাথারকান্দি সমজেলার সহকারী জেলা কমিশনার (ACS) ত্রিদিব রায়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের তদারকি করেন পাথারকান্দির সার্কেল অফিসার (CO) অদিতি নুনিসা। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাথারকান্দি সহ-জেলার সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে অ্যালাইনমেন্টের মধ্যে থাকা স্থাপনা সরিয়ে রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা পরিষ্কার করা হচ্ছে। স্থাপনা অপসারণের ফলে প্রকল্পের পরবর্তী নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভারতমালা পরিযোজনা একটি বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় সড়ক যোগাযোগের উন্নতির পাশাপাশি যাতায়াত ও পণ্য পরিবহণ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
পাথারকান্দিতে প্রশাসনের এই অভিযানের ফলে প্রকল্পের নির্ধারিত অ্যালাইনমেন্ট পরিষ্কারের কাজ গতি পেল এবং সড়ক নির্মাণকাজও আরও এগিয়ে যাওয়ার পথ সুগম হলো।



