বরাক তরঙ্গ, ১৬ মে : বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির, কপিলাশ্রমে নদী ভাঙনের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আকস্মিক নদী ভাঙনের ফলে মন্দির প্রাঙ্গণের একটি পাকা বাথরুম সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে যায়। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার বাঁশ গাছ, কদম গাছ-সহ বিভিন্ন প্রজাতির বহু গাছপালা এবং প্রায় ২০০ মিটার জমিও নদীতে বিলীন হয়ে গেছে।
ঘটনার পর থেকেই মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে মন্দিরের মূল অংশ এবং অন্যান্য স্থাপনাও নদী ভাঙনের কবলে পড়তে পারে।
এই প্রেক্ষিতে মন্দির পরিচালনা সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য-সহ অন্যান্য কর্মকর্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁরা বরাক উপত্যকার জনপ্রতিনিধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
স্থানীয়দের মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। তাই ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থানের অস্তিত্ব রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।



