বরাক তরঙ্গ, ১৬ মে : উত্তর কৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ অবশেষে শুরু হল বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে। শনিবার দুপুরে তাঁর উপস্থিতিতে প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে মেরামতির কাজ শুরু করা হয়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, কয়েকদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। ছোটো খাটো দুর্ঘটনাও ঘটেছে।
তিনি আরও জানান, শুক্রবার ওই এলাকায় একটি যাত্রীবাহী অটোর দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি রাতেই এনএইচআইডিসিএল-এর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর তৎপরতার ফলেই শনিবার দুপুর থেকে গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে। তিনি এনএইচআইডিসিএল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। পাশাপাশি বিধায়ক জানান, আগামী দিনে কেন্দ্রের সোনাবাড়িঘাট, সোনাই এবং সোনাই স্বাধীন বাজার-সহ বিভিন্ন পূর্ত সড়কের সংস্কার ও মেরামতির কাজও দ্রুত শুরু করা হবে।



