বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মালুগ্রামের সরস্বতী বিদ্যা নিকেতন। সমাজের সুখ-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এবার উজান অসমের বন্যাকবলিত মানুষের সাহায্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করল বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সরস্বতী বিদ্যা নিকেতন, মালুগ্রামের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। বিদ্যালয়ের সভাপতি ড. বিশ্বজিৎ পুরকায়স্থ, সম্পাদক কৃষ্ণচন্দ্র দাস এবং উপপ্রধান তথা ভারপ্রাপ্ত প্রধান আচার্যা অঙ্কিতা দেবরায় বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই অর্থরাশি উধারবন্দ বিধায়ক রাজদীপ গোয়ালার হাতে তুলে দেন।
উজান অসমের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তায় এগিয়ে আসাকে সামাজিক দায়িত্বের অংশ হিসেবেই দেখছে সরস্বতী বিদ্যা নিকেতন।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সমাজসেবার মনোভাবও প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।



