ডুরাণ্ড কাপে জয়ের হ্যাটট্রিক, কোয়ার্টার ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড

Spread the news

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল গত দুইবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এফসি ওয়ানকে ৩-১ গোলে পরাজিত করে উত্তর-পূর্বের দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন পার্থিব সুন্দর গগৈ। বিরতির পর ৫৩ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৬৭ মিনিটে আলাইদ্দিন আজারাইয়ের গোলে নর্থইস্ট ইউনাইটেডের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

তবে ম্যাচের ৭১ মিনিটে এফসি ওয়ানের হয়ে মোহমাদ ইলিয়াস একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নর্থইস্ট ইউনাইটেড। এই জয়ের ফলে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *