বরাক তরঙ্গ, ১৮ মে : সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে এবং ভ্যালি স্ট্রং সিমেন্টসের সহযোগিতায় সোমবার বদরপুরঘাটের দেবেন্দ্র নগরস্থিত ভ্যালি স্ট্রং সিমেন্টস হেলথ সেন্টারে একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স বর্ষ ২০২৫-২৬-এর এটি ছিল ১২তম বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির, যার মূল উদ্দেশ্য ছিল ছানি রোগী শনাক্তকরণ এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। শিবিরে মোট ৬৬ জন ব্যক্তি নাম নথিভুক্ত করে চক্ষু পরীক্ষা করান। পরীক্ষার পর ১০ জন ছানি রোগীকে শনাক্ত করা হয় এবং তাদের উন্নত চিকিৎসা ও বিনামূল্যে আইওএল অস্ত্রোপচারের জন্য শিলচরের লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়াও শিবিরে অংশগ্রহণকারী ৩০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডা: মণিদীপ চক্রবর্তী। তাঁকে সহায়তা করেন অনামিকা দাস, প্রিয়াঙ্কা পণ্ডিত এবং সামসুদ্দিন সহ হাসপাতালের অন্যান্য সহকারী ও কর্মীরা।

লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লায়ন মুকেশ আগরওয়াল, লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন এনাম উদ্দিন, লায়ন সমরজিৎ চক্রবর্তী এবং অ্যাডভোকেট লক্ষ্মী দত্ত গুপ্ত। ক্লাবের পিআরও শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য এধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারাও সাধুবাদ জানিয়েছেন।



