বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : মণিপুরের বিষ্ণুপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৩৭ বছর বয়সি এক মহিলা ও তাঁর দুই নাবালক পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে এলপিজি গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিটে নাম্বোল থানার অন্তর্গত নাম্বোল মাইবাম চিংনিং মাখা লেইকাই এলাকায়। মৃতদের পরিচয় কাংজ্রাকপাম ওংবি রঞ্জনা (৩৭) এবং তাঁর দুই পুত্র পিবারেল (১৪) ও পোইরেইনগানবা (৭)।

প্রাথমিক সূত্রে জানা গেছে, বাড়িতে এলপিজি গ্যাস লিকেজের জেরে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন ও বিস্ফোরণের পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর দগ্ধ হন রঞ্জনার স্বামী নরেন্দ্র (৩৭) এবং প্রতিবেশী এক ১৩ বছর বয়সি কিশোর। তাঁদের দু’জনকেই চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক সায়েন্স ইউনিটের একটি দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। পরে রাতের দিকে বাড়ির ধ্বংসস্তূপ থেকে রঞ্জনা ও তাঁর দুই সন্তানের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (রিমস) মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর নাম্বোল থানায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনার কথা উঠে এলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।



