মণিপুরে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি নদীতে, নিহত ক্যাপ্টেন, গুরুতর আহত তিন জওয়ান

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। সেনা জওয়ানদের বহনকারী একটি সাঁজোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন সেনাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ ইম্ফল পূর্ব জেলার লামলাই চাল্লৌ এলাকার ইতাম নদীতে। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর ৮ম বিহার রেজিমেন্টের জওয়ানদের নিয়ে যাওয়ার সময় সাঁজোয়া গাড়িটি আচমকাই নদীতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ গাড়িটি জলের নিচে ডুবে ছিল।

এই দুর্ঘটনায় নিহত সেনা আধিকারিকের নাম হনুমান রাম (২৯)। আহত তিন সেনাকর্মী হলেন সিপাহী মালি জয়েশ হিম্মত (২৪), সিপাহী রাকেশ সারপাতে (৩৭) এবং অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯)।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ইম্ফলের বেসরকারি বাবিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেনা আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সেনা মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *