নবোদয় বিদ্যালয় ক্যাম্পাসে ৩-আসাম এনসিসির শিবিরে নিরাময়ের যোগ চেতনা মহোৎসব
বরাক তরঙ্গ, ১৮ মে : সর্বাঙ্গীন বিকাশে যোগাভ্যাসর বিকল্প নেই। এমন বক্তব্য ৩-আসাম এনসিসি, শিলচর-এর সিও কর্নেল সৌরভ চামোলির। এনসিসি শিবিরে শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের এক যোগ শিক্ষা কর্মশালার পর ক্যাডেডদের উদ্দেশে মতামত ব্যক্ত করেন তিনি। নিয়মিত যোগ প্রক্রিয়া অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ৩-আসাম ব্যাটেলিয়ন এনসিসি-র বার্ষিক শিবিরে রবিবার সকালে যোগ সেশন পরিচালনা করে শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন। পয়লাপুল নবোদয় বিদ্যালয় ক্যাম্পাসে হয় এই কর্মসূচি। এতে আধিকারিক সহ ৫০০ ক্যাডেট অংশ নেন। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর লিগ্যাসি পার্সন তথা মুখ্য সংযোজক যোগাচার্য রাহুল ও ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য।

প্রসঙ্গত, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে যোগ চেতনা মহোৎসব চলছে শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর। সহযোগিতায় রয়েছে ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন-এর মেম্বার ইনস্টিটিউশন “ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস”। আর এই যোগ চেতনা মহোৎসবের অঙ্গ হিসেবেই ছিল এ দিনের অনুষ্ঠান। ৩ আসাম ব্যাটালিয়ন এনসিসি,শিলচর-এর সিও কর্নেল সৌরভ চামোলি’র কথায়, ক্যাডেটদের সর্বাঙ্গীন বিকাশে নিরাময়ের এমন উদ্যোগ সঠিক অর্থেই লাভদায়ক। তিনি বলেন, কয়েক বছর ধরে নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন এর সঙ্গে মিলে যোগ শিক্ষার প্রসার নানা কর্মসূচি করছে ৩-আসাম ব্যাটালিয়ন এনসিসি।
ক্যাডেট ছাড়াও অধিকারিকরাও উৎসাহের সঙ্গে অংশ নেন এ সব অনুষ্ঠানে। খুব সহজভাবে ইনস্টিটিউশনের রিসোর্স পার্সন ও পদাধিকারীরা যোগ-এর বিভিন্ন প্রক্রিয়ার অনুশীলন করান। বুঝিয়ে দেন নিয়ম-শৃঙ্খলাও। আজকের যোগ চেতনা উৎসবের যোগ সেশনেও বিভিন্ন বিষয় শেখার সুযোগ পেয়েছে ক্যাডেটরা। একাগ্রতা নিয়ে অভ্যাস করেছেন আধিকারিকরাও। সময় সময়ে এধরনের আরও আয়োজন করবে এনসিসি, মন্তব্য কর্নেল সৌরভের। নিরাময় স্কুল অব যোগ এডুকেশন সহ ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস আগামী দিনেও এভাবে ক্যাডেটদের স্বার্থে এগিয়ে আসবে, আশা প্রকাশ করেন সিও চামোলি। এনসিসির তরফে এসএমডিআর অধিকারী, ড. পিঙ্কি শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এ দিন নিরাময়ের পক্ষে ৩-আসাম এনসিসি’কে যোগ মহোৎসব স্মারক তুলে দেওয়া হয়। গ্রহণ করেন সিও চামোলি ।



