বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দীপাবলি ও কালীপুজো উপলক্ষে বাজি বিক্রি, মজুত এবং পোড়ানো নিয়ে একাধিক কড়া নির্দেশিকা জারি করল ধলাই কো-ডিস্ট্রিক্ট প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে জননিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ধলাই কো-ডিস্ট্রিক্ট এলাকার সমস্ত বাজি বিক্রেতাকে বাজি বিক্রির জন্য কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কাছ থেকে অস্থায়ী লাইসেন্স সংগ্রহ করতে হবে। অনুমোদিত নির্দিষ্ট ধরনের বাজি বিক্রির ক্ষেত্রেই এই লাইসেন্স প্রদান করা হবে। লাইসেন্সের মেয়াদ থাকবে আগামী ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

এদিকে বাজি মজুত ও বিক্রির ক্ষেত্রেও একাধিক নিরাপত্তামূলক শর্ত আরোপ করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বাজি রাখার শেড অগ্নিনিরোধক উপকরণ দিয়ে তৈরি হতে হবে। বিক্রয় ও মজুতের স্থান ইট অথবা কংক্রিটের সুরক্ষিত ভবনে হতে হবে। পাশাপাশি প্রতিটি শেডের মধ্যে কমপক্ষে তিন মিটার এবং নির্দিষ্ট কাঠামো থেকে ৫০ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। দোকানে পর্যাপ্ত জায়গা, পৃথক প্রবেশ ও বহির্গমন পথ এবং উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, উচ্চ শব্দ সৃষ্টিকারী বোমা, বিদেশে তৈরি বাজি এবং অবৈধ আতশবাজি আমদানি, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। শুধুমাত্র অনুমোদিত ভারতীয় পরিবেশবান্ধব গ্রিন ফায়ারওয়ার্কস বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। জ্বালানি পাম্পের কাছাকাছি বাজি বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। দোকানে নির্ধারিত পরিমাণের বেশি বাজি মজুত থাকলে তা বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানানো হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে বাজি পোড়ানোর সময়সীমা নিয়ে। প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত বাজি শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানো যাবে। নির্ধারিত শব্দসীমা অতিক্রমকারী বাজির বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের মতো নীরব এলাকায় বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজকদের সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে। নিরাপত্তা, পরিবেশ এবং সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধলাই জুড়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দীপাবলি ও কালীপুজো উদযাপনের আহ্বান জানিয়েছেন ধলাই কো-ডিস্ট্রিক্ট কমিশনার।



