
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : মিজোরামের রাজ্যপালের সরকারি বাসভবন লোকভবনে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ৩১ বছর বয়সি এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মৃত জওয়ানের নাম সুধীর স্বামী। তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি আইজলের লোকভবনের ২ নম্বর গেটে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, সুধীর স্বামীর দেহ আইজল সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার তাঁর মরদেহ রাজস্থানের জয়পুর জেলায় অবস্থিত নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে।



