বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : দীর্ঘদিন ধরে অমীমাংসিত চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে অসমের শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এই স্মারকলিপি পেশ করেন সংগঠনের কর্মকর্তারা।

স্মারকলিপিতে ROP অনুযায়ী বেতন নির্ধারণ, লিভ এনক্যাশমেন্ট, ছুটিসংক্রান্ত জটিলতা নিরসন এবং শিক্ষকদের বদলির বিষয়টি দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি MACP, গ্র্যাচুইটি-সহ অবসরকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রেও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সংগঠনের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে শিক্ষক সমাজের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। কিন্তু প্রায় এক বছর অতিক্রান্ত হলেও অধিকাংশ দাবির বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে।

শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যাগুলি ঝুলে থাকায় তাঁদের কর্মজীবনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে পেশাগত মনোবল ও কর্মপরিবেশের ওপরও। তাই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠন।

এদিকে, দাবিগুলির দ্রুত নিষ্পত্তি না হলে আগামী ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গুয়াহাটিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছে কাছাড় জেলা কমিটি।
সংগঠনের পক্ষ থেকে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কিংবা প্রশাসনিক কাজে কোনও বিলম্বের জন্য শিক্ষক সমাজকে দায়ী করা যাবে না। দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার সমাধানের দাবিতেই তাঁরা এই গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছেন বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।



