ঢাকায় রবিবার লকডাউনের ডাক শেখ হাসিনার! ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু

Spread the news

১৯ সেপ্টেম্বর : বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পারদ চড়িয়ে রবিবার রাজধানী ঢাকায় সম্পূর্ণ লকডাউনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি দিল্লির এক ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লিগের আন্তর্জাতিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন দলের সুপ্রিমো শেখ হাসিনা (Sheikh Hasina)। শুক্র ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবারকেই প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের গণহারে নির্বিচারে গ্রেপ্তার, শেখ হাসিনা সহ দলের অন্যান্য শীর্ষ নেতাদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা এবং বিচারবিভাগীয় রায়ের তীব্র প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মূলত আওয়ামী লিগের যুবসংগঠন যুবলিগ এই লকডাউনের ডাক আগেই দিলেও, শুক্রবার রাতে দলনেত্রীর সায় পাওয়ার পর গোটা আওয়ামী লিগ পরিবার একজোট হয়ে এই কর্মসূচি সফল করতে ময়দানে নামছে।

বাংলাদেশি ক্যালেন্ডারে সপ্তাহের প্রথম কর্মদিবসে জনজীবন স্তব্ধ করে দেওয়ার এই বনধ বা ধর্মঘটের মতো কর্মসূচিকে সফল করতে দলীয় স্তরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লিগের সমস্ত সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে আগামী রবিবার রাজপথে নেমে সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে এখন থেকে লাগাতার রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে দলটি। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করে বলা হয়েছে, ‘খুনি-ফ্যাসিস্ট ইউনুস সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার অবৈধ ও অসাংবিধানিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রহসনমূলক বিচার প্রক্রিয়া চলমান রেখেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বর্তমান সরকার আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের তোয়াক্কা না করে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে একের পর এক রায় দিয়ে চলেছে। সাম্প্রতিককালে বিচার বিভাগের মাধ্যমে দেওয়া তেমনই একটি প্রতিশোধমূলক রায় সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছে দলটি। এই ধরনের রায় সরাসরি প্রত্যাখ্যান করে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং দেশে প্রকৃত সুশাসন ফিরিয়ে আনার দাবি তোলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলিগের ঘোষণা করা এই লকডাউন কর্মসূচির সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে মূল দল আওয়ামী লিগ। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *