বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : নগাঁওয়ের দক্ষিণ হয়বরগাঁও এলাকায় সেনা জওয়ানের পরিচয় দিয়ে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে হয়বরগাঁও পুলিশ। আটক ব্যক্তিরা হল ময়ীনুল ভূঁইয়া ও সাইফউল্লাহ আলম।
জানা গেছে, ওই দু’জন নিজেদের সেনা জওয়ান পরিচয় দিয়ে যুবতীকে দিল্লিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। অভিযোগ, চাকরির প্রস্তাবের আড়ালে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে দু’জনের আচরণে সন্দেহ হয় যুবতীর। বিষয়টি তিনি স্থানীয় বাসিন্দাদের জানান। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ময়ীনুল ভূঁইয়া ও সাইফউল্লাহ আলমকে আটক করেন। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ হয়বরগাঁও এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে খবর পেয়ে হয়বরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত একটি মহিন্দ্রা থার গাড়িও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ময়ীনুল পেশায় মিস্ত্রি। অন্যদিকে, সাইফউল্লাহ আলম কোনও আন্তঃরাজ্য নারী পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, যুবতীকে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং চাকরির প্রলোভনের আড়ালে প্রকৃত উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।



