শ্রীভূমির মাইজগ্রামে বিছানায় হাত-পা, মুখ বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : বিছানায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি শ্রীভূমির মাইজগ্রাম তৃতীয় খণ্ডের। এই রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুশান্ত রায় কর। তিনি পেশায় মহুরি এবং দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই একা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সুশান্ত রায় করের ভাতিজা বাড়িতে এসে তাঁকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। পরে প্রতিবেশীরা এসে জানালা দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখতে পান, সুশান্ত রায় কর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বাড়ির অধিকাংশ দরজা বন্ধ থাকলেও পিছনের একটি দরজা খোলা ছিল। ঘরের ভিতরে বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে ছিল। গোদরেজসহ একাধিক সামগ্রী লুটের উদ্দেশ্যে খোঁজাখুঁজির চিহ্নও মিলেছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আগের রাতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সুশান্ত রায় করকে বেঁধে মারধর করার পর সামগ্রী লুট করে নিয়ে গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ডিএসপি, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। ডাকাতির সঙ্গে এই মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *