রংপুর মধুরাপুলে বেহাল রাস্তা ও জলাবদ্ধতার প্রতিবাদে বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, ধূলোর দাপট, বর্ষাকালে কর্দমাক্ত পরিস্থিতি, ঘনঘন দুর্ঘটনা এবং জলাবদ্ধতার প্রতিবাদে রংপুর দ্বিতীয় খণ্ডের মধুরাপুল এলাকায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। কর্মসূচি থেকে প্রশাসনের কাছে তিনটি প্রধান দাবি জানানো হয়—অবিলম্বে ভিআইপি রোড সংস্কার, জল নিষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং রাস্তার উচ্চতা না বাড়ানো।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলের সময় ব্যাপক ধুলো সৃষ্টি হচ্ছে। বর্ষাকালে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় দুই চাকার গাড়িসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় জলাবদ্ধতার সমস্যা বর্তমানে অত্যন্ত গুরুতর। বর্ষার সময় জমা জল বহু বাড়িঘরে ঢুকে পড়ে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপযুক্ত জল নিষ্কাশন ব্যবস্থা না করে ধাপে ধাপে রাস্তার উচ্চতা বৃদ্ধি ও সম্প্রসারণের ফলে প্রাকৃতিক জল নিষ্কাশনের পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

স্থানীয়দের বক্তব্য, কয়েক মাস আগে ড্রেন নির্মাণের দাবিতে আন্দোলনের পর শিলচর সদর সার্কেলের সার্কেল অফিসার এলাকা পরিদর্শন করে পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং দ্রুত ড্রেনেজ ব্যবস্থা তৈরির আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের।

এদিকে, রাস্তা সংস্কারের নামে ফের রাস্তার উচ্চতা বাড়ানো হতে পারে—এই আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিকরা। তাঁদের দাবি, রাস্তার উচ্চতা বাড়ানো হলে এলাকার শতাধিক দোকানপাট, পাকা বাড়ি ও আরসিসি ভবন রাস্তার তুলনায় নিচু হয়ে যাবে। এর ফলে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হতে পারে এবং স্থানীয়দের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এলাকার বহু পরিবারের জীবিকা দোকানপাট ও ব্যবসার ওপর নির্ভরশীল। তাই রাস্তা সংস্কারের আগে ব্যবসায়ী, বাড়ির মালিক ও সাধারণ বাসিন্দাদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

বিক্ষোভ থেকে স্থানীয়রা অবিলম্বে রংপুর মধুরাপুল এলাকার ভিআইপি রোড সংস্কার, জলাবদ্ধতা নিরসনে বিজ্ঞানসম্মত ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং রাস্তার উচ্চতা বৃদ্ধি না করার দাবি জানান। তাঁদের বক্তব্য, উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে রাস্তার উচ্চতা বাড়ানো হলে ভবিষ্যতে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *