ধলাইয়ের রুকনীতে জমি জবরদখলের চেষ্টা, রাতের অন্ধকারে ধান কেটে নেওয়ার অভিযোগ হত দরিদ্র পরিবারের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : ধলাইর রুকনী ২য় খণ্ডের বাসিন্দা জয়নাল উদ্দিন লস্কর ও খয়রুল হক লস্কর এবং তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় নুর উদ্দিন নামের এক ব্যক্তি তাঁদের পৈতৃক সম্পত্তি ও কেনা জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন।

তাঁদের দাবি, নুর উদ্দিন পাশের জমি ক্রয় করলেও পরিকল্পিতভাবে সেই জমির সংলগ্ন তাঁদের চার বিঘারও বেশি জমি নিজের বলে দাবি করছেন। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিচারসভার মাধ্যমেও জমির অধিকার তাঁদের পক্ষেই দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

অভিযোগ, চলতি বছরে ওই জমিতে ধান চাষ করার পর ভোররাতে নুর উদ্দিন তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে জমির বেশ কিছু ধান কেটে নিয়ে যান।

পরিবারের আরও অভিযোগ, এর আগেও স্থানীয় রায় পদবির এক ব্যক্তির কাছ থেকে আট কাঠা জমি ক্রয় করে আট বিঘা জমি দখল করেছিলেন নুর উদ্দিন। তাঁর বিরুদ্ধে জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও দাবি তাঁদের।

পরিবারের সদস্যরা জানান, তাঁরা অত্যন্ত দরিদ্র। কৃষিজমির ওপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। তাই জমি ও ফসল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এই অবস্থায় ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক, কাছাড়ের পুলিশ সুপার, জেলাশাসক এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন জয়নাল উদ্দিন লস্কর ও খয়রুল হক লস্করের পরিবার। তাঁদের দাবি, জমির নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *