‘মন কি বাত’ অনুষ্ঠানে পরিবেশকর্মী পূর্ণিমা দেবী বর্মনের হাড়গিলা পাখি সংরক্ষণে ভূমিকার প্রশংসা

Spread the news

২৮ জুন : ‘মন কি বাত’-এর ১৩৫তম পর্বে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার অনুষ্ঠানে তিনি দেশের বিভিন্ন প্রান্তের অনুপ্রেরণাদায়ক উদ্যোগের কথা তুলে ধরেন। সেই প্রসঙ্গেই তিনি বিশেষভাবে প্রশংসা করেন অসমের পরিবেশকর্মী পূর্ণিমা দেবী বর্মনের হাড়গিলা পাখি সংরক্ষণে অসামান্য ভূমিকার।

প্রধানমন্ত্রী বলেন, অসমে পাওয়া যায় এক বিরল পাখি, যার নাম হাড়গিলা। পরিবেশ পরিষ্কার রাখতে এই পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অসমের বিভিন্ন এলাকায় এই পাখিকে অশুভ বলে মনে করা হতো। এমনকি যেখানে হাড়গিলার বাসা ছিল, সেই উঁচু গাছও কেটে ফেলা হতো। ফলে এই উপকারী পাখির অস্তিত্বই সঙ্কটের মুখে পড়ে।

মোদি বলেন, এই পরিস্থিতি দেখে পূর্ণিমা দেবী বর্মন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেন। ধীরে ধীরে তিনি সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের হাড়গিলা সংরক্ষণ আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন।

তিনি আরও জানান, পূর্ণিমার উদ্যোগে হাজার হাজার মহিলা এই অভিযানে যোগ দেন। বর্তমানে এই দল ‘হাড়গিলা আর্মি’ নামে পরিচিত। তাঁদের নিরলস প্রচেষ্টায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং হাড়গিলা পাখিকে ঘিরে থাকা নানা কুসংস্কার অনেকটাই দূর হয়েছে।

প্রধানমন্ত্রীর এই প্রশংসার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পূর্ণিমা দেবী বর্মনকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এ অসমের কন্যা পূর্ণিমা দেবী বর্মনের হাড়গিলা সংরক্ষণে অনন্য প্রচেষ্টা এবং পরিবেশ রক্ষায় তাঁর অসামান্য অবদানের বিশেষ উল্লেখ সমগ্র অসমবাসীর জন্য গর্বের বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *