বরাক তরঙ্গ, ২৪ মে : দু’টি বাইকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চার হল। পলাশবাড়ি থানার অন্তর্গত বাজারপাড়া এলাকায় মির্জা-পলাশবাড়ি সড়কে শনিবার গভীর রাতে সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিন যুবক। গুরুতর আহত অবস্থায় আরও দুই যুবককে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল (জিএমসিএইচ)-এ ভর্তি করা হয়েছে। নলবাড়ির বেলশরের অর্ণব বর্মনকে সঙ্কটজনক অবস্থায় GMCH-এ পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত দীপঙ্ককর কলিতা নামের আরও এক যুবক বর্তমানে GMCH-এ সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পলাশবাড়িতে R15 এবং পালসার N250 বাইকের মুখোমুখি সংঘর্ষে সংঘটিত হলো ভয়াবহ পথ দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় ৪ জন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় মাজিরগাঁওয়ের জ্যোতি কলিতা, রঙামাটি দোকানীপাড়ার নিখিল দাস এবং পশ্চিমবঙ্গের চন্দন জালাই ঘটনাস্থলে প্রাণ হারান।

জানা গেছে, রাত প্রায় দু’টো নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে উল্টো দিক থেকে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকে দুইজন এবং অপর বাইকে তিনজন যুবক আরোহী ছিলেন। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সংঘর্ষের তীব্রতায় পাঁচজনই রাস্তায় ছিটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে পলাশবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মির্জার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিন যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের দ্রুত জিএমসিএইচ-এ স্থানান্তর করা হয়েছিল। এরমধ্যে অর্ণব বর্মনের মৃত্যু হয়।



